বাংলাদেশ ফুটবলে দুঃসংবাদ, হাঁটুর চোটে মাঠ ছাড়লেন হামজা চৌধুরী

মার্চের শেষভাগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তার খবর পেল ফুটবলপ্রেমীরা। চোটের কারণে আপাতত মাঠের বাইরে ছিটকে গেছেন জাতীয় দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে তার আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই ফুটবলার। চোটের তীব্রতা এতটাই ছিল যে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে লেস্টারের অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, খুব দ্রুত হামজার মাঠে ফেরার সম্ভাবনা নেই এবং তার হাঁটুর স্ক্যান করানো হবে।
এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামজা এমসিএল ইনজুরিতে ভুগছেন। সাধারণত এ ধরনের চোটে খেলোয়াড়দের ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। তবে স্বস্তির বিষয় হলো, তার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ার সম্ভাবনা কম। লেস্টার সিটি তার চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্বে থাকলেও পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। জাতীয় দলের খেলায় তার উপস্থিতি দলকে বাড়তি শক্তি জোগায়। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাকে পাওয়ার আশায় রয়েছে বাফুফে। যদিও বাংলাদেশ ইতোমধ্যে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছে।
অন্যদিকে হামজার চোট লেস্টার সিটির জন্যও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে অবনমনের পর সেখানেও ভালো অবস্থানে নেই দলটি। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ছয় পয়েন্ট। এমন পরিস্থিতিতে হামজার দীর্ঘ অনুপস্থিতি লেস্টারের জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে।
