মিলওয়াকি ছেড়ে মিয়ামিতে যোগ দিচ্ছেন গ্রিক সুপারস্টার ইয়ানিস আন্টেতোকুন্মপো

দীর্ঘ কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাস্কেটবল জগতে বড়সড় রদবদলের খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ইএসপিএন। দুইবারের এনবিএ মোস্ট ভ্যালুএবল প্লেয়ার তথা গ্রিক সুপারস্টার ইয়ানিস আন্তেতোকুন্পো মিলওয়াকি বাক্স ছেড়ে পাড়ি জমাচ্ছেন মায়ামি হিটে। এই দলবদলের লড়াইয়ে বস্টন সেলটিক্সকে পেছনে ফেলে শেষ পর্যন্ত বাজিমাত করেছে মায়ামি। তেরো বছর ধরে মিলওয়াকির জার্সিতে খেলা এই তারকা খেলোয়াড়ের বিদায়ে এনবিএ অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ।
চুক্তি অনুযায়ী, মায়ামি হিটে আন্তেতোকুন্পোর সঙ্গী হিসেবে যোগ দেবেন ববি পোর্টিনস। অন্যদিকে মিলওয়াকি বাক্সের স্কোয়াডে যুক্ত হচ্ছেন টাইলার হেরো, কেল’এল ওয়ের, জাইমি জ্যাকুয়েজ জুনিয়র এবং কাসপারাশ জাকুচিওনিস। খেলোয়াড়দের পাশাপাশি মিলওয়াকি ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনটি প্রথম রাউন্ডের ড্রাফট পিক, একটি পিক সোয়াপ এবং একটি দ্বিতীয় রাউন্ডের ড্রাফট পিকও বুঝে নিচ্ছে।
২০১৩ সালে ড্রাফটের মাধ্যমে মিলওয়াকিতে পা রাখার পর থেকে এই ফ্র্যাঞ্চাইজিটিই ছিল আন্তেতোকুন্পোর একমাত্র ঠিকানা। ২০২১ সালে দলটিকে চ্যাম্পিয়নশিপ জেতানোর কারিগর ছিলেন এই ১০ বারের অল-স্টার খেলোয়াড়। তবে গত মৌসুমে হাঁটুর ইনজুরি এবং দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। ৩২-৫০ ব্যবধানে মৌসুম শেষ করে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর দলের রোস্টার গঠন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
নিজের ফিটনেস নিয়ে ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তের সঙ্গে একমত হতে না পারা এবং শিরোপা জয়ের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলাই মূলত মিলওয়াকির সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের ইতি টেনেছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিজের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ঝেড়ে ফেলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত এই গ্রিক মহাতারকা। এনবিএর বর্তমান বাণিজ্যের এই বিশাল প্রভাব আসন্ন মৌসুমে মায়ামি হিটের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
