কাতার ম্যাচে ভয়াবহ চোট কানাডার ইসমায়েল কোনের বিশ্বকাপ শেষ

কাতার ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনের। বাম পায়ের হাড় ভেঙে যাওয়া এই তরুণ ফুটবলার বর্তমানে উন্নতির দিকে থাকলেও, চলতি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাকি ম্যাচগুলো থেকে ছিটকে পড়েছেন তিনি। কানাডা সকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভ্যাঙ্কুভারে অত্যন্ত সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
ম্যাচের ৫১তম মিনিটে কাতারের মিডফিল্ডার আসিম মাদিবোর বিপজ্জনক ট্যাকলে মাঠেই যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় কোনেকে। ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, কানাডার কোচ জেসি মার্শ জানান, তিনি মাঠের পাশ থেকেই হাড় ভাঙার শব্দ শুনতে পেয়েছিলেন। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে, মাঠে প্রাথমিক চিকিৎসার পরই তাকে স্ট্রেচারে করে অক্সিজেন দেওয়া অবস্থায় মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সে সময় দর্শকদের উদ্দেশ্যে ইতিবাচক অঙ্গভঙ্গি করতে দেখা যায় কোনেকে।
অস্ত্রোপচারের পরবর্তী সময়ে কোচ জেসি মার্শ ইসমাইল কোনের মনোবল দেখে মুগ্ধতা প্রকাশ করেন। মার্শ জানান, হাসপাতালে অস্ত্রোপচারের জন্য তিনজন বিশেষজ্ঞ সার্জন প্রস্তুত ছিলেন, যারা টেলিভিশনে ঘটনার ভয়াবহতা দেখেই কোনের চিকিৎসায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছিলেন। প্রায় দেড় ঘণ্টার সফল অস্ত্রোপচারের পর কোনে বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, মাঠের লড়াইয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর রেফারি ভিডিও পর্যালোচনা করে কাতার খেলোয়াড় আসিম মাদিবোকে লাল কার্ড দেখান। কাতারের এটি ছিল দ্বিতীয় লাল কার্ড। প্রতিপক্ষের নয়জন খেলোয়াড় নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে কানাডা ৬-০ গোলের বড় জয় তুলে নেয়। কোনের বদলি হিসেবে নেমে নাথান সালিবা কানাডার হয়ে চতুর্থ গোলটি করেন এবং গোল উদযাপনের সময় কোনের আট নম্বর জার্সি উঁচিয়ে সতীর্থের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
গ্রুপ ‘বি’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে বুধবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কানাডা। দুই ম্যাচ শেষে কানাডা ও সুইজারল্যান্ড উভয়েরই পয়েন্ট ৪ করে। কোনের অনুপস্থিতিতে কানাডার জন্য এই ম্যাচটি এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
