প্রথম পাকিস্তান টেস্টে শান্তকে পাওয়ার আশা বিসিবি’র

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অংশগ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আগামী ৮ই মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচে শান্তর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়ায়। তবে বিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, তার চোট গুরুতর নয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম শতক হাঁকানোর সময় শান্ত এই চোট পান। চোটের কারণে তিনি অনুশীলনে যোগ না দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সোমবার গণমাধ্যমকে জানান, তার কাছে চোট ততটা গুরুতর মনে হয়নি। তিনি বলেন, “এই মুহূর্তে তার কোনো ব্যথা নেই, হাঁটার সময়ও কোনো সমস্যা হচ্ছে না। তবে আমরা আগামীকাল (মঙ্গলবার) তাকে শারীরিকভাবে পর্যবেক্ষণ করব।”
এদিকে, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দলে থাকা মুশফিকুর রহিম, মমিনুল হক এবং তাইজুল ইসলামের মতো অভিজ্ঞ লাল বলের ক্রিকেটাররা বর্তমানে শের-ই-বাংলা স্টেডিয়ামে নিবিড় অনুশীলন করছেন। চোটের পর শান্ত নিজেও একবার অনুশীলন সেশনে এসে সোহেল ইসলামের অধীনে প্রশিক্ষণরত টেস্ট খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
অন্যদিকে, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের কৌশলগত পরিবর্তনে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশ আরও আক্রমণাত্মক ঢংয়ে টেস্ট খেলবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এই নতুন কৌশলের অংশ হিসেবেই প্রথমবারের মতো টেস্ট দলে আক্রমণাত্মক ওপেনার তানজিদ হাসান তামিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তার সাদা বলের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে অমিত হাসানের ধারাবাহিক ভালো খেলাও তাকে দলে জায়গা পেতে সাহায্য করেছে। চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে নির্বাচক নাঈম হাসানকে সঙ্গে নিয়ে বাশার বলেন, “এবারের সিরিজটি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। নিঃসন্দেহে আমরা এখনও চ্যাম্পিয়নশিপে খুব ভালো করিনি। তবে এবার ভালো করার পরিকল্পনা আছে।”
বাশার আরও যোগ করেন, এই লক্ষ্য পূরণে দল ভিন্নভাবে খেলতে পারে, আরও আক্রমণাত্মক মেজাজে দেখা যেতে পারে। তিনি বলেন, “আপনারা দেখেছেন, আমরা একজন নতুন ওপেনার নিয়েছি – এটি পরিকল্পনারই অংশ। আমাদের বোলিং বিভাগ ঠিক আছে, ২০ উইকেট নেওয়ার সক্ষমতা তাদের আছে। ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করবে। খেলার ধরনে কিছুটা পরিবর্তন আসতে পারে। আমি ‘বাজবল’ বলছি না, তবে ধরনে পরিবর্তন আসতে পারে।”
তথ্যসূত্র: ক্রিক বাজ