রাঙ্গামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (১৬ আগস্ট) ভোর ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রাঙ্গামাটি থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাওয়ার পথে চট্টগ্রাম মেট্রো-ন-১১-২৫৯৯ নম্বরের পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
নিহতদের মধ্যে রয়েছেন নানিয়ারচর উপজেলার কৃষ্ণমাছড়া এলাকার মেঘরানী চাকমা (৪৫), কোতোয়ালি থানার আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)। আহতদের মধ্যে পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও রাঙ্গামাটি শহরের পিটিআই এলাকার সুমন চাকমা (৪৫) রয়েছেন।
এ ছাড়া গুরুতর আহত শোভা চাকমা (৫২)কে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আহতদের মধ্যে দুজন বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।