Advertisement

ব্রাহ্মণপাড়ায় চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি জসিমের

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে এবং রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে বিএনপি শুরু থেকেই নিবেদিতভাবে কাজ করে আসছে। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলের নেতাকর্মীদের অনস্বীকার্য অবদানের কথা তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের উদ্দেশ্যে জসিম উদ্দিন জসিম আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এ সময় তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্পষ্টভাবে জানিয়ে দেন যে, বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান নেই। ব্রাহ্মণপাড়ায় মাদক ও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। জনস্বার্থে দলীয় নেতাকর্মীদের অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনাও প্রদান করেন সংসদ সদস্য।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহসভাপতি মহসিন কবির সরকার, এনামুল হক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া, চেয়ারম্যান শাহজাহান সাজু ও দপ্তর সম্পাদক হেদায়েত উল্লাহ সরদারসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%