AdvertisementAdvertisement

ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রীর

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার বিকেলে আয়োজিত এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একটি মহল বিনা কারণে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, যা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের দোসরদেরই সুবিধা করে দিচ্ছে।

জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরিফা হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও ড্যাব জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিন। সভায় বক্তারা বিগত ১৭ বছরে গুম হওয়া ব্যক্তি এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

Advertisement
বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী টুকু আরও বলেন, বিগত সাড়ে পাঁচ মাসে সরকার একটি বিধ্বস্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণ ও একটি বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি টাঙ্গাইলের জুলাই যোদ্ধাদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার আশ্বাস দেন এবং সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রত্যেক যোদ্ধার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে টাঙ্গাইলের ১২টি উপজেলার ৩০ জন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%