মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল অব্যাহত, দুই দিনে ৭২টি আবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের কার্যক্রমের দ্বিতীয় দিন শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে স্থাপিত আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে আপিল গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোমবার প্রথম দিনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১টিসহ মোট ৪২টি আপিল দায়ের করা হয়। মঙ্গলবার দুপুর পৌনে ১টা পর্যন্ত দুই দিনে মোট ৭২টি আপিল জমা পড়েছে।
অঞ্চলভিত্তিক আপিলের চিত্র
সোমবার দায়ের করা আপিলগুলোর মধ্যে খুলনা অঞ্চল থেকে ৩টি, রাজশাহী অঞ্চল থেকে ৫টি, রংপুর অঞ্চল থেকে ৩টি, চট্টগ্রাম অঞ্চল থেকে ২টি, কুমিল্লা অঞ্চল থেকে ৫টি, ঢাকা অঞ্চল থেকে ১৫টি, ময়মনসিংহ অঞ্চল থেকে ১টি, বরিশাল অঞ্চল থেকে ১টি এবং ফরিদপুর অঞ্চলের বিভিন্ন জেলা থেকে ৭টি আপিল দায়ের করা হয়। এসব আপিলের মধ্যে কুমিল্লা অঞ্চল থেকে একটি আপিল মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে করা হয়েছে।
বাছাইয়ের ফলাফল
গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
আপিল সংক্রান্ত নির্দেশনা
মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তি বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা এক নোটিশে বলা হয়েছে, রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ কোনো প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে মেমোরেন্ডাম আকারে আপিল করতে পারবেন। আপিলের ক্ষেত্রে মূল কাগজপত্রের এক সেট এবং ছয় সেট ছায়ালিপি দাখিল করতে হবে।
৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ প্রার্থী বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন।
আপিল গ্রহণের জন্য আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে অঞ্চলভিত্তিক ১০টি বুথ চালু রয়েছে।
শুনানির সময়সূচি
নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিলগুলোর শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের বেইজমেন্ট-২ এ অবস্থিত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এসব শুনানি নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ কমিশন গ্রহণ করবেন।
শুনানির সময়সূচি অনুযায়ী—
- ১০ জানুয়ারি: আপিল নম্বর ১–৭০
- ১১ জানুয়ারি: ৭০–১৪০
- ১২ জানুয়ারি: ১৪১–২১০
- ১৩ জানুয়ারি: ২১১–২৮০
- ১৪ জানুয়ারি: ২৮১–৩৫০
- ১৫ জানুয়ারি: ৩৫১–৪২০
- ১৬ জানুয়ারি: ৪২১–৪৯০
- ১৭ জানুয়ারি: ৪৯১–৫৬০
- ১৮ জানুয়ারি: ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট আপিলের শুনানি
রায়ের ফল প্রকাশ
আপিল শুনানি শেষে রায়ের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে। পাশাপাশি রায়ের পিডিএফ কপি এবং আপিল সংক্রান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও পক্ষগুলোর ই-মেইল অ্যাকাউন্টে পাঠানো হবে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এছাড়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে আপিলের রায়ের অনুলিপি বিতরণ করা হবে।
- ১০, ১১ ও ১২ জানুয়ারির রায়: ১২ জানুয়ারি
- ১৩, ১৪ ও ১৫ জানুয়ারির রায়: ১৫ জানুয়ারি
- ১৬, ১৭ ও ১৮ জানুয়ারির রায়: ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।
তথ্যসূত্র: নির্বাচন কমিশন