মানিকগঞ্জে ভাড়া বাসা থেকে জেলা জজ কোর্টের আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার একটি ভাড়া বাসা থেকে শহিদুল ইসলাম (৪৫) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানিকগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী ছিলেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার চর বেউথা এলাকার মো. রফিকুল ইসলামের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার একটি কক্ষ থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শহিদুল ইসলাম শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনা বাদ এলাকার বেলায়েত হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।