বাংলাদেশ পরিস্থিতি ভারতের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ: শশি থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটির রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে তাকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারকে জানিয়েছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে ঢাকার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার কংগ্রেস সংসদ সদস্য শশি থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি ভারতের সংসদে একটি প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ভারতের জন্য একটি বড় কৌশলগত উদ্বেগ তৈরি করেছে। তবে একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা ও নৈরাজ্যের দিকে যাবে—এমন আশঙ্কা এখনো নিশ্চিত নয়। তবুও সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সতর্ক থাকার ওপর জোর দিয়েছে কমিটি।
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিষয়ে ভারতের কৌশলগত অবস্থান পুনর্মূল্যায়নের সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। শুক্রবার এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা।
সংসদে পেশ করা ওই প্রতিবেদনে শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গেও উল্লেখ করা হয়। এতে বলা হয়, তার বিষয়ে ভারতের সিদ্ধান্ত মানবিক দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও দেশের ঐতিহ্যকে সামনে রেখেই নেওয়া হয়েছে। কমিটি নোট করেছে, অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার একটি মানবিক ঐতিহ্য ভারতের রয়েছে এবং শেখ হাসিনার অবস্থান সেই নীতির আলোকে বিবেচিত।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সংসদীয় কমিটিকে জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগমাধ্যম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন, যার এক্সেস তার কাছে রয়েছে। তবে ভারত কখনোই তাকে ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা স্থান দেয়নি।
রিপোর্টে একদিকে শেখ হাসিনার ভারতে অবস্থানকে মানবিক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরা হয়েছে, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়েও নজর দেওয়ার কথা বলা হয়েছে।
‘ফিউচার অফ ইন্ডিয়া–বাংলাদেশ রিলেশনশিপ’ শীর্ষক এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশ্যে এসেছে, যখন দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে।