শরীয়তপুরে ১৮ মাস পর খুলল জেলা আওয়ামী লীগের কার্যালয়

১৮ মাসের দীর্ঘ সময়ের পর শরীয়তপুরে আবার খুলল জেলা আওয়ামী লীগের কার্যালয়। ভোরে পালং বাজারে অবস্থান করে নেতাকর্মীরা কার্যালয়টির দরজা খুলে দেন এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলের প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন। তবে পরবর্তীতে কার্যালয়ে গেলে ছবি গুলো আর দেখা যায় না।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে কমপক্ষে ১০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা পালং বাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হাজির হন। প্রত্যেকের মুখে মাস্ক, কয়েকজনের মাথায় হেলমেট থাকলেও তারা দলীয় স্লোগান দিয়ে কার্যালয়ের দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তারা দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার ভিডিওও প্রকাশিত হয়েছে। শরীয়তপুর আওয়ামী লীগ নামের একটি ফেসবুক পেইজে আপলোড করা এক মিনিটের ভিডিওতে দেখা যায়, হাতে জাতীয় পতাকা ও নেতৃবৃন্দের ছবি নিয়ে লোকজন স্লোগান দিচ্ছেন। ক্যাপশনে লেখা ছিল, “আজ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করে। জয় বাংলা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন।”
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এই ঘটনার বিষয়ে জানান, “এ সংক্রান্ত কোনো খবর আমাদের কাছে এখনও আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।”