আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় একটি বিরোধ নিরসনের বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং উপনির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন। গত শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন জানান, বৈঠকে মূলত তিনটি সুনির্দিষ্ট ও জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দুটি পক্ষের মধ্যকার চলমান সামাজিক বিরোধ।
দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে তাদের উৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ সতর্কতা ও প্রচেষ্টা চালানোর জোরালো আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আসন্ন উপনির্বাচন প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বলেন, আগামী ২৯ অক্টোবরের এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়া অত্যন্ত জরুরি। এই নির্বাচনের দিকে দেশবাসীর পাশাপাশি গণমাধ্যম ও আন্তর্জাতিক মহলেরও বিশেষ নজর রয়েছে। তাই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকা পালনের জোর দাবি জানানো হয়েছে। জবাবে পুলিশ প্রশাসনও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে।
এ ছাড়া বৈঠকে আউলিয়াপুর ইউনিয়নের দুই পক্ষের মধ্যকার চলমান বিরোধের বিষয়টি তুলে ধরে স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়। এ বিষয়ে দেলাওয়ার হোসেন বলেন, বিরোধপূর্ণ পক্ষ দুটির মধ্যে দ্রুত সমঝোতা করে দেওয়ার জন্য পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এলাকার সকল মানুষ মিলেমিশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন।
সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতার সঙ্গে দলটির ঠাকুরগাঁও জেলা শাখার আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, সেক্রেটারি মুহাম্মাদ আলমগীর এবং সহকারী সেক্রেটারি মো. কফিল উদ্দীন আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।