মেজর অব আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

রাজধানীতে জামায়াতে ইসলামী নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের কাচারী বাজার মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক শহীদ মসজিদের সামনে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মো. রমজান আলী। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, নায়েবে আমির আজিজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন এবং উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, একজন বয়োবৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতাকে এভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক এবং স্বাধীন মতপ্রকাশের পরিপন্থী। তারা অবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তার মুক্তির জোরালো দাবি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। এই ঘটনার পরদিন শুক্রবার (২ অক্টোবর) তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। একই দিন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।

০%
০%
০%
০%