পাকিস্তানের অভ্যন্তরীণ সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনার জন্য তেহরানে সফর করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই সফরে তিনি ইরানের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও এই আলোচনা আলোকপাত করবে।
দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, তেহরানে থাকাকালীন মহসিন নাকভি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনার সুযোগ পাবেন। বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বৃহত্তর অঞ্চলে চলমান উত্তজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকার অংশ হিসেবেই এই সফরকে দেখা হচ্ছে।
এর আগেও আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মহসিন নাকভি একাধিকবার তেহরান সফর করেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এই নতুন সফর আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। মূলত সংঘাতময় পরিস্থিতি কাটিয়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করাই এই সফরের অন্যতম মূল উদ্দেশ্য।