বিশ্বসেরা শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকায় হায়দ্রাবাদের সরকারি বালিকা বিদ্যালয়

বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদের একটি সরকারি বালিকা বিদ্যালয়। শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় অবদান, শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে টি৪ এডুকেশনের আয়োজিত 'ওয়ার্ল্ডস বেস্ট স্কুল প্রাইজ' প্রতিযোগিতার চূড়ান্ত তালিকায় উঠে এসেছে এই প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির নাম গভর্নমেন্ট গার্লস লোয়ার সেকেন্ডারি স্কুল টান্ডো মীর গোলাম হোসেন। তারা 'কমিউনিটি কোলাবরেশন' বা সামাজিক সহযোগিতা বিভাগে বিশ্বের সেরা ১০টি বিদ্যালয়ের সংক্ষিপ্ত তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে। বিশ্বজুড়ে হাজারো বিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই তালিকা প্রস্তুত করা হয়েছে, যা শিক্ষা খাতে অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

এ বছর পাকিস্তান থেকে মাত্র দুটি শিক্ষা প্রতিষ্ঠান এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা পেয়েছে, যার মধ্যে একটি পাঞ্জাবের বেসরকারি স্কুল এবং অপরটি সিন্ধুর এই সরকারি বিদ্যালয়। শিক্ষা মানোন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে এই স্কুলটির অর্জন আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের শিক্ষা খাতের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিক্ষামন্ত্রী সৈয়দ সরদার আলী শাহ এই অভূতপূর্ব সাফল্যে স্কুলটির প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সম্প্রদায়কে অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, এই অর্জন কেবল একটি বিদ্যালয়ের সাফল্য নয়, বরং এটি সিন্ধুর শিক্ষা ব্যবস্থা এবং সামগ্রিকভাবে পাকিস্তানের জন্য এক বিশেষ গর্বের মুহূর্ত।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

০%
০%
০%
০%