পাঞ্জাবে সবুজ বাস সেবা চালু: ২০ রুপিতে আধুনিক যাতায়াত সুবিধা নিশ্চিতের ঘোষণা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জনগণের যাতায়াত ব্যবস্থায় আধুনিকায়ন ও গতিশীলতা আনার লক্ষ্যে ছয়টি জেলায় আনুষ্ঠানিকভাবে ‘গ্রিন বাস সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। পরিবেশবান্ধব, শীতাতপ নিয়ন্ত্রিত এবং নিরাপদ এই পরিবহন সেবার যাত্রার মধ্য দিয়ে প্রদেশটিতে এক নতুন যুগের সূচনা হলো। মূলত সাধারণ মানুষের মর্যাদাপূর্ণ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে পাকিস্তানর পাঞ্জাব প্রাদেশিক সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, বর্তমানে ছয়টি জেলা দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে পাঞ্জাব প্রদেশের প্রতিটি উপজেলা পর্যায়ে এই বাস পরিষেবা বিস্তৃত করা হবে। নারী যাত্রীদের যাতায়াত সুবিধার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি জানান, মাত্র ২০ টাকা ভাড়ায় যাত্রীরা আধুনিক ও উন্নতমানের এই বাসগুলোতে যাতায়াত করতে পারবেন। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করেই এই স্বল্প ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বর্তমান অর্থবছরেই ১ হাজার ১০০টি আধুনিক বাস সড়কে নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেই সঙ্গে আগামী তিন বছরের মধ্যে মোট ৫ হাজার বাস এই পরিবহন বহরে যুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এর মাধ্যমে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গণপরিবহন ব্যবস্থাকে বিশ্বমানের কাতারে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য।

এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পরিবহন মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। দায়িত্ববোধ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একইসঙ্গে ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে জনসেবার এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

০%
০%
০%
০%