নরসিংদী সদর উপজেলার পাইকারদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নামে ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বুধবার দুপুরে পাঁচদোনা-ডাঙ্গা সড়কে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অংশগ্রহণ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক সরকারের প্রভাবপুষ্ট একটি গোষ্ঠী কারাগার থেকে জামিনে বের হয়ে অর্থের বিনিময়ে সড়ক ও জনপথ বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তাকে প্রভাবিত করেছে। গত ১২ আগস্ট এই চক্রের যোগসাজশে বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, যার ফলে ব্যবসায়ীরা লাখ লাখ টাকার আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তারা আরও অভিযোগ করেন, সওজের সার্ভেয়ার মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রভাবশালী ব্যক্তিদের বহুতল ভবন নির্মাণের মৌখিক অনুমতি দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্যমতে, অনৈতিক মাসোহারা দিতে অস্বীকার করায় সুপরিকল্পিতভাবে তাদের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উপযুক্ত ক্ষতিপূরণ ও দায়িত্বরত অসাধু কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। স্থানীয়রা অবিলম্বে এ ধরনের হয়রানি বন্ধ করে ব্যবসায়ীদের স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বী জানান, পাঁচদোনা-ডাঙ্গা সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, উচ্ছেদের আগেই ব্যবসায়ীদের যথাযথ নোটিশ প্রদান করা হয়েছিল এবং পর্যায়ক্রমে সড়কের বাকি অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে।