শেরপুরে পরিবহন শ্রমিকদের পরিবার ও শিক্ষার্থীদের মাঝে ১২ লাখ টাকার অনুদান বিতরণ

বগুড়ার শেরপুর উপজেলায় মৃত পরিবহন শ্রমিকদের পরিবার, শ্রমিকদের কন্যা, দায়গ্রস্ত পরিবার ও কৃতী শিক্ষার্থীদের মাঝে ১২ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শেরপুর বাসস্ট্যান্ডের করতোয়া বাস টার্মিনাল সংলগ্ন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এই সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের এডহক কমিটির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং তাদের শ্রম ও ঘামের ওপরই দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। প্রকৃত শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ও অধিকার নিশ্চিত করা সবার সামাজিক দায়িত্ব।

গোলাম মোহাম্মদ সিরাজ আরও বলেন, শ্রমিক সংগঠনগুলোকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে, কারণ মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। কোনো শ্রমিক যেন মাদকের করাল গ্রাসে পতিত না হয়, সে বিষয়ে সংগঠনগুলোকে সজাগ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডহক কমিটির সদস্য সচিব শহীদুল ইসলাম বাবলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, পরিবহন শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের যাতায়াত সেবা নিশ্চিত করেন। তাই তাদের অকাল প্রয়াণে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের সন্তানদের শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সমাজের প্রতিটি বিত্তবান মানুষের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এই ধরনের কল্যাণমুখী কার্যক্রম চলমান থাকবে বলে শ্রমিক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

০%
০%
০%
০%