ঈদগাঁওয়ে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, আটক ১

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশন ও ডিসি সড়কে অবৈধ দখলদারদের উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিচালিত এই অভিযানের মাধ্যমে দীর্ঘ কয়েক যুগ ধরে দখল হয়ে থাকা ফুটপাত ও মহাসড়কের আশপাশের এলাকা সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার। এ সময় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে অংশ নিয়ে শতাধিক অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানের উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেন।
দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এসব অবৈধ দোকান থেকে দৈনিক ও মাসিক হারে কোটি টাকার চাঁদাবাজি চলত বলে অভিযোগ রয়েছে। উচ্ছেদ অভিযানে বাধা প্রদানের দায়ে জুনায়েদ নামে এক যুবককে পুলিশ আটক করেছে বলে নিশ্চিত করেছেন ওসি এটিএম সিফাতুল মাজদার।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, জনস্বার্থ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অসাধু মহলকে সরকারি জায়গা দখলের সুযোগ দেওয়া হবে না এবং পুনরায় দখলের চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
