২৫ দিনে সংস্কার শেষে যান চলাচলের জন্য উন্মুক্ত হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন ও নিবিড় তত্ত্বাবধানে মাত্র ২৫ দিনের রেকর্ড সময়ে সংস্কারকাজ শেষে কামরাঙ্গীরচর লোহার ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ব্রিজটির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৪৫ মিটার দৈর্ঘ্য এবং ৪.২ মিটার প্রস্থের এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকার প্রায় ৫০ লক্ষ নগরবাসী সরাসরি উপকৃত হবেন। প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াতের কাজে ব্রিজটি ব্যবহার করেন। জরাজীর্ণ ব্রিজটি দ্রুত সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নগরবাসীর চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে সিটি কর্পোরেশন সর্বদা বদ্ধপরিকর। তিনি ঘোষণা দেন, এখন থেকে ঐতিহাসিক এই ব্রিজটি শুধুমাত্র পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া কামরাঙ্গীরচরের ঐতিহ্য রক্ষায় ব্রিজটিকে সংরক্ষণ করার লক্ষ্যে আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রেকর্ড সময়ের মধ্যে এই উন্নয়নমূলক কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও সন্তুষ্টির চিত্র ফুটে উঠেছে।
