Advertisement

ম্যাকলারেনে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিশ্চিত করলেন ল্যান্ডো নরিস, ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবৃদ্ধি চ্যাম্পিয়ন ড্রাইভারের

ম্যাকলারেনের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের নতুন অধ্যায় শুরু করলেন ল্যান্ডো নরিস। বর্তমান ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন ২৬ বছর বয়সী এই ব্রিটিশ ড্রাইভার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত ম্যাকলারেনে থাকার অঙ্গীকার করেছেন। নতুন এই চুক্তিতে ২০৩০ সালের পরও প্রয়োজনে মেয়াদ বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। ডাচ গ্রাঁ প্রি-তে জয়ের মাধ্যমে টানা দুই রেসে সাফল্যের দেখা পাওয়ার এক সপ্তাহের মধ্যেই এই বড় ঘোষণাটি এল, যা নরিসের শিরোপা ধরে রাখার স্বপ্নকে নতুন করে জাগিয়ে তুলেছে।

গত মৌসুমে ল্যান্ডো নরিস ম্যাকলারেনকে উপহার দিয়েছিলেন ২০০৮ সালের পর প্রথম ড্রাইভার্স শিরোপা। মাত্র ১৭ বছর বয়সে ম্যাকলারেনের জুনিয়র প্রোগ্রামে যোগ দেওয়া নরিস ২০১৯ সালে ফর্মুলা ওয়ানে পা রাখেন। দলের বিবৃতিতে তিনি জানান, ম্যাকলারেন তার কাছে ঘরের মতো এবং শিরোপা জেতার যে লক্ষ্য নিয়ে নয় বছর আগে যাত্রা শুরু করেছিলেন, তা সফলভাবে পূরণ করতে পেরে তিনি আনন্দিত। তিনি আরও বলেন, বর্তমান সাফল্যে সন্তুষ্ট না থেকে দল হিসেবে ভবিষ্যতে আরও জয়ের ধারা অব্যাহত রাখাই এখন তাদের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

চলমান চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ল্যান্ডো নরিস বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন। মৌসুমের ১১টি রেস বাকি থাকতে তিনি মার্সিডিজ ড্রাইভার কিমি আন্তোনেল্লির চেয়ে ৮৩ পয়েন্ট পিছিয়ে আছেন। যদিও মৌসুমের শুরুতে নতুন নিয়ম আয়ত্ত করতে হিমশিম খাওয়া ম্যাকলারেন কিছুটা পিছিয়ে ছিল, তবে হাঙ্গেরি ও নেদারল্যান্ডসে নরিসের সাম্প্রতিক জয় প্রমাণ করে যে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এখনো সব সম্ভাবনা টিকে আছে। উল্লেখ্য, ২০২৪ ও ২০২৫ সালে ম্যাকলারেন কনস্ট্রাক্টরস শিরোপা জিতে ১৯৯৮ সাল থেকে চলে আসা দীর্ঘ খরা কাটিয়েছিল।

বিজ্ঞাপন

দলের এই সফল যাত্রার মূল কারিগর ল্যান্ডো নরিসের প্রশংসা করে ম্যাকলারেন টিম প্রিন্সিপাল আন্দ্রেয়া স্টেলা তাকে অসাধারণ গতির পাশাপাশি পরিপক্কতা ও ধারাবাহিকতার প্রতীক হিসেবে অভিহিত করেছেন। স্টেলা জানান, নরিস ও অস্কার পিয়াসত্রিকে নিয়ে গঠিত বর্তমান জুটি ফর্মুলা ওয়ানের অন্যতম শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল। পিয়াসত্রি এর আগে ২০২৫ মৌসুমের শুরুতে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছিলেন। নিজের প্রথম এফ১ শিরোপা জয়ের স্মারক হিসেবে নরিসকে সেই এমসিএল৩৯ গাড়িটি উপহার হিসেবে দেওয়া হবে, যা তিনি গত বছর সাফল্যের সাথে চালিয়েছিলেন।

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%