কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নতুন নেতৃত্বে আবুল হাশেম ও আমিনুল ইসলাম

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি কেন্দ্রে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম সওদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আমিনুল ইসলাম মুকুল। শনিবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
গত শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতি রেখে চলা এই নির্বাচনে মোট ১ হাজার ৩৩০ জন ভোটারের মধ্যে ১ হাজার ২২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাররা সম্মিলিতভাবে ২৩ হাজার ২৭৫টি ভোট প্রদান করেন, তবে ১০৫ জন ভোটার ভোটকেন্দ্রে অনুপস্থিত ছিলেন।
সংগঠনের নির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে ৪৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের কথা থাকলেও দুটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৯টি পদের জন্য ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সিনিয়র সহসভাপতি হিসেবে উমর খালেদ রানা, সহসভাপতি পদে আমিনুল হক ও নাসির উদ্দিন, সিনিয়র সহসাধারণ সম্পাদক হিসেবে শেখ ফরহাদ, সহসাধারণ সম্পাদক হিসেবে নাসির উদ্দিন সুমন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শহীদুল ইসলাম শহীদ, অর্থ সম্পাদক হিসেবে শহীদুল ইসলাম শহীদ, দপ্তর সম্পাদক শাহ আলম, ধর্মবিষয়ক সম্পাদক শওকত ইসলাম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক রাসেল চৌধুরী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মোহাম্মদ জয়নাল জয়লাভ করেছেন। সমাজকল্যাণ সম্পাদক পদে আহম্মেদ কবির এবং প্রচার সম্পাদক পদে গিয়াস উদ্দিন রোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল কবির, শফিকুল ইসলাম, আবছার উদ্দিন, মো. ইলিয়াছ ও নেছার উদ্দিন।
