ওসমানীনগর উপজেলাকে পৌরসভা ঘোষণার উদ্যোগ গ্রহণ

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ও তাজপুরকে সমন্বিত করে একটি পূর্ণাঙ্গ পৌরসভা প্রতিষ্ঠার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। এই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা হুমায়ুন কবির স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নিকট প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে একটি আধা-সরকারি পত্র পাঠিয়েছেন। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত পত্রটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
পত্রে হুমায়ুন কবির উল্লেখ করেন, ওসমানীনগর উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত গোয়ালাবাজার ও তাজপুর দীর্ঘ সময় ধরে অত্র অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বাণিজ্যিক কর্মকাণ্ডের মূল চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে। সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত এই দুটি এলাকায় ইতোমধ্যেই ব্যাংক, বিপণিবিতান, শিক্ষাপ্রতিষ্ঠান ও আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ শহরায়নের প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠেছে। প্রতিদিন বৃহত্তর ওসমানীনগর ও আশেপাশের অঞ্চলের হাজারো মানুষ নাগরিক প্রয়োজনে এই বাণিজ্যিক কেন্দ্রগুলোতে সমবেত হন।
পৌরসভা প্রতিষ্ঠার এই উদ্যোগটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলা পৌরসভা সুবিধা পেলেও ওসমানীনগর এতদিন সেই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে তারা মনে করছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এই পদক্ষেপকে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তাদের মতে, পৌরসভা প্রতিষ্ঠিত হলে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত হবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধির পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের গতিধারা আরও বেগবান হবে। ওসমানীনগরবাসীর প্রাণের এই দাবি পূরণে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্থানীয়রা জোরালো আহ্বান জানিয়েছেন।
