Advertisement

চৌদ্দগ্রামে মিনিবার ফুটবল টুর্নামেন্টে বাঙ্গালমুড়ি একাদশের জয়

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে ভৌয়াই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে ভৌয়াই মাঠে অনুষ্ঠিত এই টানটান উত্তেজনার লড়াইয়ে ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধানে বসুয়ারা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাঙ্গালমুড়ি ফুটবল একাদশ। চূড়ান্ত পর্বের এই খেলাটিকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ফাইনাল খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে সমবেত হন। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শিবিরের সাবেক প্রচার সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সাবেক সভাপতি মনির হোছাইন মজুমদার। কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন রনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়নের সাবেক মেম্বার হুমায়ুন কবির, সৌদি আরবপ্রবাসী খোরশেদ আলম মজুমদার, সর্দার আবুল খায়ের মজুমদার এবং ব্যবসায়ী হাজী ছিদ্দিকুর রহমান।

বিজ্ঞাপন

টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জহির, জাহের, কামাল, মেহেদী, মহিন, নাইম, রাকিব, এনামূল ও শরীফসহ স্থানীয় যুব সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা সম্ভব হলে তরুণদের বিপথগামী হওয়ার প্রবণতা হ্রাস পাবে এবং সমাজে অপরাধপ্রবণতা কমিয়ে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে।

তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করা এবং স্থানীয় পর্যায়ে সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি রানার্সআপ দলকে পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%