Advertisement

রাঙ্গুনিয়ায় অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা প্রশাসনিক পদক্ষেপের দাবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে চলাচলকারী যাত্রী সাধারণের ওপর গ্যাস সংকটের অজুহাতে চলছে চরম নৈরাজ্য। বিভিন্ন গণপরিবহনে যাত্রীদের জিম্মি করে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ অর্থ আদায় করছে পরিবহন শ্রমিকরা। কোনো প্রকার টিকিট প্রদান ছাড়াই ইচ্ছামাফিক ভাড়া আদায়ের কারণে প্রতিদিন যাত্রীদের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে।

দীর্ঘদিন ধরে চলা এই অতিরিক্ত ভাড়া আদায়ের দৌরাত্ম্যে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। যাতায়াতের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত এই পথে পর্যাপ্ত তদারকির অভাবে পরিবহন মালিক ও শ্রমিকদের হয়রানি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেছেন যে, যত্রতত্র বাড়তি ভাড়ার দাবি মেটাতে গিয়ে প্রতিদিন হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের।

বিজ্ঞাপন

এই নৈরাজ্যকর পরিস্থিতি নিরসনে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী যাত্রীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। যাত্রী ও চালক উভয়ের স্বার্থ বিবেচনায় নিয়ে একটি যৌক্তিক ভাড়া পুনর্নির্ধারণ করা এবং প্রতিটি স্টেশনে ভাড়ার তালিকা প্রদর্শনের দাবি জোরালো হচ্ছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানান, সিএনজিচালিত অটোরিকশা ও বাসের বাড়তি ভাড়ার অভিযোগটি তার নজরে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে এবং যাত্রী ও পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত একটি সহনীয় ভাড়া নির্ধারণ করা হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%