Advertisement

রাউজানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গাউছিয়া কমিটি রাউজান পৌরসভার আয়োজনে হাজার হাজার নবীপ্রেমিক এই মিলাদুন্নবী জুলুছে অংশ নেন। গহিরা আলিয়া মাদরাসা থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি রাউজানের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলিলনগর আবছার মার্কেটস্থ খানকাহ শরীফে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ এবং ‘সকলের ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (সা.)’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। র‌্যালি শেষে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাদা এস এম আসাদ উল্লাহ। অনুষ্ঠানের উদ্বোধন করেন গহিরা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা নুরুল মোনাওয়ার চৌধুরী। আখেরি মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার কেবিনেট মেম্বার মুহাম্মদ তৌহিদুল করিম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলার সভাপতি এস এম ইয়াছিন হোসাইন হায়দারী। এ সময় বক্তারা বলেন, পবিত্র রবিউল আউয়াল আমাদের বিভেদ ভুলে এক কাতারে শামিল হওয়ার শিক্ষা দেয়। তারা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে মুক্ত হয়ে মহানবী (সা.)-এর সুমহান আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন চৌধুরী ও সচিব মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন। এ সময় মাওলানা সিরাজুল ইসলাম চিশতী, আবু জাফর চৌধুরী, মাওলানা ইউনুস রেজভী, মাওলানা সৈয়দ জুননুরাইন, জুয়েল চৌধুরী, সৈয়দ তৌহিদুল আলম, মাওলানা নাজিমুল হক আলকাদেরীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক এবং ধর্মীয় চিন্তাবিদরা উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আয়োজকরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%