AdvertisementAdvertisement

হিলি দিয়ে মরিচ আমদানি শুরু, বাজারে দাম কমেছে ১৩০ টাকা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরুর দুই দিনের মাথায় দেশের বাজারে পণ্যটির দামে বড় ধরনের স্বস্তি ফিরেছে। দীর্ঘ আট মাস বিরতির পর গত দুই দিনে ১৬টি ট্রাকে করে ১০৪ টন কাঁচা মরিচ বন্দরে পৌঁছালে স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে সরবরাহে গতিশীলতা আসে। এতে কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম প্রায় ১৩০ টাকা হ্রাস পেয়েছে।

স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, মাত্র কয়েক দিন আগেও যে কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে তা ১৫০ টাকায় নেমে এসেছে। অতিবৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ সংকটে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল। তবে ভারত থেকে আমদানি শুরু হওয়ায় বাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ৭৪ জন আমদানিকারককে ৩৬ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে আমদানিকৃত মরিচ মানভেদে পাইকারি বাজারে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং এখান থেকে পণ্যটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে।

ব্যবসায়ী ও আমদানিকারকরা জানিয়েছেন, আমদানির এই ধারা অব্যাহত থাকলে বাজারে কাঁচা মরিচের দাম আরও কমে আসবে, যা সাধারণ ক্রেতাদের স্বস্তি দিচ্ছে। উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বরের পর এই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ প্রবেশ শুরু করল।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%