কুয়াকাটায় জেলের জালে বিরল হলুদ সোনালি বাটা মাছের দেখা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির হলুদ সোনালি বাটা মাছ। বুধবার সকালে মাছটি আলিপুর মৎস্য বন্দরে নিয়ে এলে জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। এফবি জারিফ-৪ নামের একটি ট্রলারে মাছ ধরার সময় মাঝি আসাদের জালে মাছটি ধরা পড়ে।
উজ্জ্বল হলুদ-সোনালি রঙের এই মাছটি স্থানীয়ভাবে সোনালি বাটা বা তোতা বাটা নামে পরিচিত। ব্যতিক্রমী রং ও গঠনের কারণে স্থানীয়রা মাছটিকে একনজর দেখার জন্য আলিপুর মৎস্য বন্দরের মায়ের দোয়া ফিশ আড়তে ভিড় করেন। মাছটি আকারে ছোট হলেও এর সৌন্দর্য উপস্থিত সকলকে মুগ্ধ করে।
বিশেষজ্ঞদের মতে, মাছটির বৈজ্ঞানিক নাম উপেনিয়াস সালফিউরাস। এটি গোটফিশ পরিবারের সদস্য এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান রাজিব সরকার জানান, মাছটির থুতনির নিচে থাকা দুটি শুঁড় সমুদ্রের তলদেশের বালি ও কাদা খুঁড়ে খাদ্য সংগ্রহে সহায়তা করে। এটি সমুদ্রের পুষ্টি উপাদানের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, হলুদ সোনালি বাটা পরিবেশগত ও অর্থনৈতিক উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের প্রজাতির সংরক্ষণ এবং টেকসই আহরণ নিশ্চিত করা প্রয়োজন। স্থানীয়রা মনে করছেন, কুয়াকাটার গভীর সমুদ্রে প্রায়ই এ ধরনের বিরল মাছ ধরা পড়ার ঘটনা বঙ্গোপসাগরের সমৃদ্ধ জীববৈচিত্র্যের একটি ইতিবাচক ইঙ্গিত বহন করে। এ প্রজাতির মাছ নিয়ে আরও বিস্তারিত গবেষণা ও তথ্য সংরক্ষণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
