AdvertisementAdvertisement

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের হাতে চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আগামী রবিবার সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি বন্যাদুর্গতদের দুর্দশার কথা সরাসরি শোনার পাশাপাশি পুনর্বাসন কর্মসূচির আওতায় গৃহহীন ১০০টি পরিবারের হাতে নতুন নির্মিত ঘরের চাবি হস্তান্তর করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভা ও ৯টি ইউনিয়নের প্রতিটি থেকে ১০টি করে মোট ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্বাচনের মাধ্যমে এই সহায়তার আওতায় আনা হয়েছে। সরকারি অর্থায়নে দুর্যোগ সহনীয় এসব ঘর নির্মাণ করা হচ্ছে, যেখানে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আরসিসি পিলার, কাঠ ও টিনের ব্যবহার নিশ্চিত করা হয়েছে। প্রতিটি ঘরে দুটি কক্ষ ও একটি শৌচাগার রয়েছে, যা স্থানীয় অস্বচ্ছল পরিবারগুলোর আবাসন সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতসহ বিশাল মঞ্চ ও হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ইতিমধ্যে অনুষ্ঠানস্থল পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতে এসএসএফ, সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে উপকূলীয় এলাকার দীর্ঘমেয়াদি সমস্যাগুলো সমাধান হবে। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্তদের টেকসই পুনর্বাসন, উপকূলের স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং মেরিন ড্রাইভ সড়ক বাস্তবায়নের দাবি এখন এলাকাবাসীর প্রধান কণ্ঠস্বরে পরিণত হয়েছে। সফরটি সফল করতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%