পাকিস্তানে প্রবল বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত জনজীবন বিচ্ছিন্ন কারাকোরাম মহাসড়ক

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাঞ্জাব ও ইসলামাবাদে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর। উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলে বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং গুরুত্বপূর্ণ কারাকোরাম হাইওয়ে বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পাকিস্তান আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার পাঞ্জাব ও ইসলামাবাদের বিভিন্ন এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিন্ধু প্রদেশের উপকূলীয় এলাকা ও করাচিতে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশজুড়ে চলমান প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নিয়াত ভ্যালি, লশি, বাবুসার এবং গ্যাস বালা এলাকাগুলো তীব্র বর্ষণের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জিণী এলাকায় বন্যার পানির তোড়ে কারাকোরাম হাইওয়েতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে চিত্রল এলাকায় ক্ষতিগ্রস্ত ইউনিয়ন কাউন্সিল ব্রোজ, গরম চশমা, শাশা এবং গুমবাস গোলে দুর্যোগ পরবর্তী স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার কাজ জোরেশোরে চলছে। পরিস্থিতি উন্নতির সাথে সাথে মাস্তুজ-গিলগিট সড়কটি হালকা যানবাহনের জন্য পুনরায় খুলে দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
