AdvertisementAdvertisement

সকল সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

চলমান জ্বালানি সংকট নিরসন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সভায় এই নির্দেশনা প্রদান করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে সোলার ইনভার্টার উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি সৌর বিদ্যুৎকে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তুলতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের ওপর জোর দিয়েছেন তিনি। সরকারি ভবনে এই প্রযুক্তির ব্যবহার শুরু হলে তা জনসাধারণের মাঝে সৌর বিদ্যুতের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকারপ্রধান।

Advertisement
বিজ্ঞাপন

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে সোলার প্যানেল বসানো হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সভায় উপস্থিত বেসরকারি খাতের উদ্যোক্তারা আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিভিন্ন কারিগরি ও অর্থনৈতিক দিক তুলে ধরেন।

প্রযুক্তিটির বহুমুখী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে উপস্থাপনায় জানানো হয় যে, সৌর বিদ্যুতের মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান ও লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম সফলভাবে চালানো সম্ভব। ভোক্তাদের মধ্যে এই প্রযুক্তির ব্যবহারিক ও অর্থনৈতিক সুবিধাগুলো সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়েও সভায় ঐকমত্য পোষণ করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

উক্ত সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এবং প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

0%
0%
0%
0%