তারাগঞ্জে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে এলাকাবাসী

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামের ধসে যাওয়া সেতুর সংযোগ সড়ক সংস্কারের জন্য সরকারি কোনো উদ্যোগের অপেক্ষা না করে স্বেচ্ছাশ্রম ও এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে সংস্কারকাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগ থেকে মুক্তি পেতে গ্রামের তরুণ থেকে প্রবীণ—সবাই সম্মিলিতভাবে এই কাজে ঝাঁপিয়ে পড়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে গ্রামবাসী রড, সিমেন্ট ও বালুসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী সংগ্রহ করে ধসে যাওয়া অংশে মাটি ভরাট ও সংস্কারকাজ শুরু করেন। কেউ অর্থ দিয়ে সহযোগিতা করছেন, কেউ নির্মাণসামগ্রী দিচ্ছেন, আবার কেউ সরাসরি কায়িক শ্রম দিয়ে কাজ এগিয়ে নিচ্ছেন। এলাকাবাসীর এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।
দীর্ঘদিন ধরে সংযোগ সড়কটি ভেঙে থাকায় দোয়ালিপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের স্বাভাবিক চলাচল স্থবির হয়ে পড়েছিল। বিকল্প কোনো রাস্তা না থাকায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদের চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো, যা বর্ষাকালে আরও ভয়াবহ রূপ ধারণ করত। স্থানীয়দের অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কার্যকর সাড়া না মেলায় তারা নিজেরাই সংস্কারে নামতে বাধ্য হয়েছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি অকেজো হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই জনদুর্ভোগ লাঘবে বাধ্য হয়েই গ্রামবাসীরা চাঁদা তুলে নিজেরাই সড়কটি মেরামত করছেন। শিক্ষার্থীদের যাতায়াতের এই একমাত্র পথটি সচল করতে তারা দ্রুত ও টেকসই সংস্কারকাজ সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছেন।
এলাকাবাসীর দাবি, বর্তমান উদ্যোগটি সাময়িক স্বস্তি দিলেও স্থায়ীভাবে যাতায়াত সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তাদের মতে, জনদুর্ভোগ কমাতে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি প্রকল্পের মাধ্যমে সেতু ও সংযোগ সড়কটির টেকসই পুনর্নির্মাণ এখন সময়ের দাবি।
