AdvertisementAdvertisement

লটারির মাধ্যমে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করে স্বচ্ছতার নজির

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উদ্যোগের মধ্য দিয়ে সরকারি দপ্তরে বদলি ও পদায়নের ক্ষেত্রে নিরপেক্ষতার এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো।

রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আটটি বিভাগের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর (সিভিল) কর্মস্থল ও শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের তদারকিতে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। স্বচ্ছতা ও আধুনিক মানবসম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবেই এই কার্যকর পদ্ধতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement
বিজ্ঞাপন

লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগে ৩১৭ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, খুলনা বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। তাদের গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে দায়িত্ব প্রদান করা হয়েছে।

অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বলেন, লটারির মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার ফলে কর্মকর্তাদের মধ্যে আস্থা ও সমতা প্রতিষ্ঠিত হবে, যা প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে। গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান এই উদ্যোগকে আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে অভিহিত করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ইলেক্ট্রোমেকানিক্যাল শাখার উপ-সহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রমও সম্পন্ন করা হবে।

0%
0%
0%
0%