২০২৭ সালের জানুয়ারিতে ৩১ কোটি নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর

আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে সারাদেশে ৩১ কোটি মানসম্মত নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। আনন্দময়, কারিগরি ও জীবনমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষাকে নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নতুন পাঠ্যবই প্রবর্তনের কাজ শুরু হয়েছে। তিনি আরও গুরুত্বারোপ করেন যে, নতুন পাঠ্যবইগুলোতে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরা হবে এবং কোনো ধরনের বিকৃতি বরদাশত করা হবে না। ইতিহাস তার আপন গতিতে চলবে বলেই তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় নিজস্ব ক্রীড়া দল গঠন করা হবে। এই কার্যক্রমের আওতায় দেশের ৫টি বিভাগীয় শহর ও ৬৪টি জেলায় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী করে তুলতে সিলেবাসে খেলাধুলা এবং পারিবারিক মূল্যবোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার আবু নাছির এবং উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শিক্ষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
