প্রশাসনে নারীর জয়জয়কার: ২১ জেলায় রেকর্ড সংখ্যক নারী জেলা প্রশাসক

দেশের প্রশাসনিক ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রশাসনিক সংস্কার ও নারীর ক্ষমতায়নের ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলার মধ্যে বর্তমানে ২১টিতে নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঠ প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদে এর আগে কখনোই এত বিপুল সংখ্যক নারী দায়িত্ব পালন করেননি, যা দেশের ইতিহাসে এক নতুন নজির স্থাপন করেছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সর্বোচ্চ ১৮ জন নারী ডিসি হিসেবে নিয়োজিত থাকলেও, বর্তমান পরিসংখ্যান সেই রেকর্ডকে পেছনে ফেলেছে।
জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত ২১ জন নারী কর্মকর্তা হলেন ঢাকার ফরিদা খানম, মুন্সীগঞ্জের সৈয়দা নূরমহল আশরাফী, নরসিংদীর ইসরাত জাহান কেয়া, মানিকগঞ্জের নাজমুন আরা সুলতানা, কিশোরগঞ্জের সোহানা নাসরিন, টাঙ্গাইলের শরিফা হক, রাজবাড়ীর আফরোজা পারভীন, শরীয়তপুরের তাহসিনা বেগম, মাদারীপুরের মর্জিনা আক্তার, কুমিল্লার রোজী আক্তার, রাঙ্গামাটির নাজমা আশরাফী, ফেনীর মনিরা হক, নাটোরের আসমা শাহীন, খুলনার হুরে জান্নাত, সাতক্ষীরার কাউসার আজিজ, চুয়াডাঙ্গার লুৎফুন নাহার, মেহেরপুরের শিল্পী রানী রায়, বরগুনার তাছলিমা আক্তার, কুড়িগ্রামের অন্নপূর্ণা দেবনাথ, পঞ্চগড়ের মোছা. শুকরিয়া পারভীন এবং শেরপুরের ফরিদা ইয়াসমিন।
বিভাগভিত্তিক পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা বিভাগে নারী ডিসিদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। এই বিভাগের ১৩টি জেলার মধ্যে ৯টিতেই নারীরা জেলা প্রশাসনের নেতৃত্বে রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং রাজশাহী ও বরিশাল বিভাগে একজন করে নারী ডিসি দায়িত্ব পালন করছেন। তবে বর্তমানে দেশের নয়টি বিভাগীয় কমিশনারের কোনোটিতেই নারী কর্মকর্তা নেই।
শুধুমাত্র জেলা পর্যায়ে নয়, তৃণমূল পর্যায় পর্যন্ত প্রশাসনের নেতৃত্বে নারীদের পদচারণা দৃশ্যমান। দেশের ৪৯৯টি উপজেলার মধ্যে ১৯১টিতেই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মরত আছেন, যা মোট উপজেলার প্রায় ৩৯ শতাংশ। এছাড়া ভূমি প্রশাসনেও নারীদের শক্ত অবস্থান তৈরি হয়েছে; ৪৭৮ জন সহকারী কমিশনারের (ভূমি) মধ্যে ১১৬ জন নারী কর্মকর্তা, যা মোট পদের ২৪ শতাংশের বেশি। মাঠ প্রশাসনের ১ হাজার ৮৫টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে বর্তমানে ৩৩২টিতে নারী কর্মকর্তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা সামগ্রিক অনুপাতে ৩০.৬ শতাংশ।
কেন্দ্রীয় প্রশাসনের উচ্চপর্যায়েও নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সরকারের ৮১টি সচিব ও সচিব সমমর্যাদার পদের মধ্যে বর্তমানে ১৪টিতে নারী কর্মকর্তারা আসীন রয়েছেন। এছাড়াও অতিরিক্ত সচিব পদে ৭৩ জন, যুগ্ম সচিব পদে ২৪৯ জন, উপসচিব পদে ৪০৪ জন এবং সহকারী ও সিনিয়র সহকারী সচিব পদে ৯৮৬ জন নারী কর্মকর্তা নিয়োজিত আছেন। সব মিলিয়ে সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত ৬ হাজার ৩৩০টি পদের মধ্যে নারী কর্মকর্তার সংখ্যা ১ হাজার ৬৮৬ জন, যা মোট পদের ২৬.৬৪ শতাংশ।