আট জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস নদীবন্দরে সতর্কতা সংকেত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ২১ জুলাই অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে, দুর্যোগপূর্ণ এ আবহাওয়ায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, রাত ১টার মধ্যে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা হাওয়াসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় আবহাওয়া পরিস্থিতির এই অবনতি হয়েছে।

এই পরিস্থিতির প্রভাবে বুধবার ২২ জুলাই সকাল ৯টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

0%
0%
0%
0%