বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সৌদি আরব। গত ১৬ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ। দুই দেশের মধ্যকার শিক্ষা ও কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে গণ্য করা হচ্ছে।

বিজ্ঞাপন

সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, শিক্ষাবৃত্তির এই বিষয়টি ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হয়েছে। বৈঠকে সৌদি প্রতিনিধিদল জোর দিয়ে বলেছে, বর্তমান সরকারের সঙ্গে রাজনীতি, অর্থনীতি এবং শিক্ষা ও উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী রিয়াদ। মূলত বাংলাদেশের শিক্ষা খাতের মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত।

শ্রমবাজার এবং জনশক্তি রপ্তানির বিষয়গুলোও আলোচনার মূল কেন্দ্রে ছিল। সৌদি আরবে বর্তমানে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন, যারা দেশটির অর্থনৈতিক সমৃদ্ধিতে যেমন ভূমিকা রাখছেন, তেমনি দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিকে সচল রাখছেন। এই প্রেক্ষাপটে সৌদি রাষ্ট্রদূত দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ বৃদ্ধি এবং নিয়োগ প্রক্রিয়ার বিদ্যমান জটিলতাগুলো নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।

হজ ও ওমরাহ ব্যবস্থাপনার উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়েও উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা করেছে। দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করে কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রতিনিধিরা। বৈঠকে সৌদি দূতাবাসের ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং কনস্যুলার সেকশনের ডেপুটি হেড মুহাম্মদ ফাহাদ ধি আল সুহাইমিও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%