সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর কৃষিমন্ত্রী

দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা বিধান ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশীদ ইয়াছিন। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর মন্দিরে রথযাত্রা উৎসবের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক নিজ নিজ ধর্মীয় পরিচয় নির্বিশেষে রাষ্ট্রের সমান সুরক্ষা ও নিরাপত্তা পাওয়ার অধিকারী।
কৃষিমন্ত্রী বলেন, অতীতে একটি স্বার্থান্বেষী মহল যুগে যুগে কুমিল্লাসহ সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালিয়েছে। বর্তমান সরকার এ ধরনের চক্রান্ত রুখতে বদ্ধপরিকর এবং ভবিষ্যতে কাউকে আর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণই সরকারের মূল লক্ষ্য। জগন্নাথপুর মন্দিরের সার্বিক উন্নয়ন ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাসও প্রদান করেন তিনি।
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু এবং জেলা প্রশাসক মিজ রোজী আক্তার। এছাড়াও পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিপুল সংখ্যক ভক্ত ও দলীয় নেতাকর্মীরা এ আয়োজনে অংশ নেন।
