সরকারি প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের সূচনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই বর্ষব্যাপী কর্মসূচির সূচনা করেন তিনি। ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করার বিষয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কবি নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক দর্শনের প্রতি আলোকপাত করেন। তিনি দৃঢ়তার সাথে উচ্চারণ করেন যে, বর্তমান সরকার কেবল জননিরাপত্তা নিশ্চিত করতেই বদ্ধপরিকর নয়, বরং কোনো প্রাণিই যেন কোনো ধরনের নিষ্ঠুরতা বা হিংস্রতার শিকার না হয়, সে বিষয়েও রাষ্ট্র সর্বোচ্চ সংবেদনশীলতা ও গুরুত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে।
এর আগে গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ’ ঘোষণার প্রাথমিক বার্তা দিয়েছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে এখন এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। বছরব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্রোহী কবির জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই সরকার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।