বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলা: মুনিরের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আদালত

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত আসামি মনিরের বিরুদ্ধে পুলিশ কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছেন আদালত। সোমবার সকালে চট্টগ্রাম শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আদালত আগামী মঙ্গলবার এই মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি মনিরকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত রাষ্ট্রপক্ষের সহায়তায় তার জন্য আইনজীবী নিয়োগ করেন। গত বৃহস্পতিবার বাকলিয়া থানা পুলিশ মামলার তদন্ত প্রতিবেদন বা চার্জশিট দাখিল করে। ঘটনার দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ, মেডিকেল প্রতিবেদন ও ডিএনএ নমুনাসহ যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে এই দ্রুত তদন্ত সম্পন্ন করা হয়।

মামলার চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে মনির হোসেনকে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় একটি ডেকোরেশন প্রতিষ্ঠানের কর্মচারী মনিরের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ ইকবাল জানান, অভিযোগপত্র আমলে নেওয়ার পর এখন বিচারিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ মে বাকলিয়া এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে মনির হোসেনকে আটক করার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এক পর্যায়ে বিক্ষুব্ধরা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ডিএনএ প্রতিবেদন ও জবানবন্দির ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিশ্চিত করেছে পুলিশ। সরকার প্রধান তারেক রহমানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা শিশু ও নারী নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%