১ জুলাই তিন ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার স্বার্থে আগামী বুধবার ১ জুলাই তিন ঘণ্টার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওইদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেট্রোরেল এই স্টেশনে থামবে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে জননিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই সাময়িক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের এই তিন ঘণ্টা বিরতিতে সংশ্লিষ্ট স্টেশনের যাত্রীদের যাতায়াতের জন্য নিকটস্থ বিকল্প স্টেশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল ও যাত্রাবিরতি পুনরায় শুরু হবে।