AdvertisementAdvertisement

বাজেট ও প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসুদের বক্তব্যে উত্তপ্ত জাতীয় সংসদ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে সরকার দলীয় ও বিরোধী সংসদ সদস্যদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। রোববার বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ প্রস্তাবিত বাজেটের কঠোর সমালোচনা করলে এই পরিস্থিতির সূত্রপাত হয়।

আলোচনায় অংশ নিয়ে হান্নান মাসুদ দাবি করেন, প্রস্তাবিত বাজেটটি বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন এবং এটি পূরণ করা প্রায় অসম্ভব। তিনি অভিযোগ করেন, বাজেটে যে রাজস্ব আয় ও রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অবাস্তব। ব্যাংক খাত চরম সংকটে থাকা সত্ত্বেও এই বিশাল ঘাটতি পূরণে ব্যাংক ঋণের ওপর সরকারের অতিরিক্ত নির্ভরতাকে তিনি জাতীয় অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

Advertisement
বিজ্ঞাপন

সীমান্ত হত্যা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে হান্নান মাসুদ বলেন, বর্তমান সরকারও ফ্যাসিবাদী সরকারের মতো ভারত তোষণ করছে। সীমান্ত হত্যাকে হত্যাকাণ্ড হিসেবে স্বীকার না করার সরকারি অবস্থানের বিরোধিতা করে তিনি বলেন, প্রতিটি সীমান্ত হত্যাই দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এছাড়া বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বিষয়টি সামনে এনে তিনি সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অসত্য তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করলে সরকারি দলের সদস্যরা উত্তেজিত হয়ে ওঠেন। নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অসত্য তথ্য’ উপস্থাপনের অভিযোগ তুলে হান্নান মাসুদের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। এর প্রেক্ষিতে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে সম্মান করলেও তার কাজের সমালোচনা করার অধিকার বিরোধী দলের রয়েছে। তিনি কোনো ধরনের ফ্যাসিবাদের দিকে না গিয়ে সুস্থ গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement
বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়িয়ে সরকারি দলের আপত্তির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। এক পর্যায়ে সংসদ কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হান্নান মাসুদকে উদ্দেশ্য করে বলেন, এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। পরবর্তীতে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, সংসদ নেতার ব্যাপারে ব্যক্তিগত কোনো বক্তব্য বা বাইরের বিষয় টেনে আনা থেকে বিরত থাকা প্রয়োজন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে ডেপুটি স্পিকার ঘোষণা করেন।

সম্পর্কিত- হান্নান মাসুদ
0%
0%
0%
0%