জনগণের অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা প্রধানমন্ত্রীর

জনগণের কষ্টার্জিত অর্থ কোনোভাবেই আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, দেশের সম্পদ বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে সরকার এখন থেকে কঠোর অবস্থান গ্রহণ করবে এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী দেশজুড়ে চলমান বিভ্রান্তি ও অপপ্রচারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, অনেকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিগত এক যুগ ধরে জনগণের যে অর্থ বিদেশে পাচার হয়েছে, তা রোধ করে সেই সম্পদ দিয়েই এখন জনগণের জীবনমান ও ভাগ্যের পরিবর্তন করা হবে। ইনশাআল্লাহ, রাষ্ট্রীয় কাজে অর্থের কোনো অভাব হবে না।
এ সময় শ্রীমঙ্গলের হাজার হাজার চা শ্রমিকসহ সর্বস্তরের নারী-পুরুষের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, তারা সরকারের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে আছেন কিনা। উপস্থিত জনতা সমস্বরে ‘হ্যাঁ’ ধ্বনি দিয়ে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানান। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে কুরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পাশাপাশি কম্পিউটারের বোতাম চেপে তৃতীয় পর্যায়ের এই কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া চা শ্রমিকদের আবাসন সমস্যার সমাধানে মাথাপিছু ২ লাখ টাকা করে অনুদান, শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তিনি।
বিএনপিকে গণমানুষের দল হিসেবে অভিহিত করে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই বিএনপির মূল শক্তির উৎস। অতীতে যতবার দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, ততবারই বিএনপিকে বিপুল ভোটে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থ সুরক্ষা নিশ্চিত করা হবে এবং উন্নয়নের নতুন ধারায় রাষ্ট্র পরিচালিত হবে।