দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রাশিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

রাশিয়া সফররত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মস্কোয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে বৈশ্বিক সংকট মোকাবিলায় রাশিয়ার সহযোগিতা কামনার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয় নেতা।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি মস্কোর পূর্ণ সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা পুনরুদ্ধারে বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। আগামী জানুয়ারিতে বাংলাদেশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী উদযাপনের প্রাক্কালে বাণিজ্য, অর্থনীতি, সামরিক ও প্রযুক্তিগত খাতে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

জবাবে ড. খলিলুর রহমান তাকে সমর্থন প্রদানের জন্য রাশিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতির চরম অস্থিরতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা উল্লেখ করে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়কালে ড. রহমান দুদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন।

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে রাশিয়ার ভূমিকা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা পরিষদে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপ না থাকলে আমাদের জাতীয় সংগ্রামের গতিপথ ভিন্ন হতে পারতো। তিনি স্মৃতিরোমন্থন করেন যে, স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করতে গিয়ে একজন রুশ সেনাসদস্য প্রাণ উৎসর্গ করেছিলেন, যা দুদেশের বন্ধুত্বের এক অনন্য নিদর্শন।

বিজ্ঞাপন

বৈঠকে জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার অন্যতম বড় স্মারক হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বিশেষভাবে আলোচিত হয়। ড. রহমান জানান, রূপপুরে জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে এবং দ্রুতই এটি পূর্ণাঙ্গ উৎপাদনে আসবে বলে তিনি আশাবাদী। তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার মস্কো পৌঁছানো পররাষ্ট্রমন্ত্রীর এই প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%