জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিশ্চিত

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকদের অংশ নেওয়ার কথা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, ঈদের নামাজকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এবারের প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই ঈদগাহ ময়দানের ২৫ হাজার ৪০০ বর্গমিটার প্যান্ডেলের নিচে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। সাধারণ মুসল্লিদের পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে, যেখানে পুরুষ ও নারীদের জন্য আলাদা কাতার থাকবে।

ঈদগাহ ময়দানে মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য প্রবেশের ক্ষেত্রে চারটি এবং বহির্গমনের জন্য সাতটি ফটক নির্ধারণ করা হয়েছে। ভিআইপি, সাধারণ পুরুষ এবং নারী মুসল্লিদের জন্য আলাদা প্রবেশ ও বাহির পথ নিশ্চিত করা হয়েছে। এছাড়াও মুসল্লিদের সুবিধার্থে অজুখানায় একসঙ্গে ১৪০ জনের অজু করার ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে পুরুষদের জন্য ১১৩ এবং নারীদের জন্য ২৭টি আসন বরাদ্দ থাকবে।

প্রচণ্ড গরম ও সম্ভাব্য বৃষ্টির কথা মাথায় রেখে ময়দানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান, আলোর ব্যবস্থা এবং পানি নিরোধক শামিয়ানা টাঙানো হয়েছে। মুসল্লিদের জন্য নিরাপদ খাবার পানি, কার্পেট ও জায়নামাজের ব্যবস্থাও করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ ইউনিট, ভ্রাম্যমাণ টয়লেট এবং জরুরি প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে মুসল্লিদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে নামাজ আদায়ের জন্য আয়োজকরা চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%