ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ সফরের প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৩ মে, শনিবার তিনি সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশাল অভিমুখে যাত্রা করবেন। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, স্থানীয় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনই এই সফরের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে দুপুর ১২টায় তিনি ত্রিশালের বৈলর ইউনিয়নে পৌঁছাবেন। সেখানে তিনি ধরার খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন, যা স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
দুপুর ২টায় নজরুল ডাকবাংলোয় যাত্রাবিরতির পর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। দলের মাঠ পর্যায়ের নেতাদের দিকনির্দেশনা দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশ্যে তাঁর রওয়ানা হওয়ার কথা রয়েছে।
