পরিবহন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার

বাস-ট্রাকসহ সব ধরনের গণপরিবহনের নতুন ভাড়া আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করা হবে। সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সংক্রান্ত বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত সভায় পরিবহন খাতের নতুন ভাড়া তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা হয়নি। মন্ত্রী জানান, ভাড়ার বিষয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিবহন খাত বর্তমানে তীব্র আর্থিক চাপের সম্মুখীন। সম্প্রতি ডিজেলের লিটারপ্রতি ১৫ টাকা মূল্যবৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বৃদ্ধির ফলে আমদানি করা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয় বহুলাংশে বেড়ে গেছে।
এমতাবস্থায়, পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে জ্বালানির বর্ধিত মূল্য এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।
উল্লেখ্য, গত শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল, যা রবিবার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক নির্ধারিত নতুন দরে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
