রুমায় হাম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

বান্দরবানের রুমা উপজেলায় ছড়িয়ে পড়া হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। পরিস্থিতি মোকাবিলা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বহুমুখী উদ্যোগ।
এরই ধারাবাহিকতায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের সেবার মান উন্নত করতে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ অত্যাবশ্যকীয় চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী এবং বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী।
চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরের পরপরই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হাসপাতালের সার্বিক চিকিৎসাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং বর্তমানে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। দুর্গম ও প্রান্তিক এলাকা থেকে আসা আক্রান্ত শিশুদের জরুরি সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত যোগাযোগ ও রোগী স্থানান্তরের বিশেষ ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ পর্যন্ত জটিল অবস্থায় থাকা ২০ জন রোগীকে প্রশাসনের বিশেষ অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হন, তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় ওষুধের জোগান এবং অ্যাম্বুলেন্স সেবা সার্বক্ষণিক সচল রাখা হয়েছে।
