AdvertisementAdvertisement

গাইবান্ধায় হাসপাতালে অব্যবস্থাপনা ও অনিয়মে স্বাস্থ্যমন্ত্রীর তীব্র অসন্তোষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে তিনি চিকিৎসা সেবার নানা অব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন। এসময় সরকারিভাবে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ থাকা সত্ত্বেও তা রোগীদের না দিয়ে বাইরের দোকান থেকে কেনানোর বিষয়টি তার নজরে আসে।

পরিদর্শনকালে কুকুরের কামড়ে আহত এক নারী হাসপাতালে চিকিৎসা নিতে এলে মন্ত্রী জানতে পারেন, সরকারি ভ্যাকসিন না পেয়ে ভুক্তভোগী রোগী বাধ্য হয়ে ১ হাজার ৩০ টাকা ব্যয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনেছেন। বিষয়টি নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেদায়েতুল ইসলামের কাছে কৈফিয়ত তলব করেন মন্ত্রী। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ভুক্তভোগী রোগীর খরচ করা ১ হাজার ৩০ টাকা তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পরিশোধের নির্দেশ দেন। এসময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান আকন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

পরবর্তীতে দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। কোনো বিশেষ প্রোটোকল ছাড়াই তিনি হাসপাতালের জরুরি বিভাগ, সাধারণ ওয়ার্ড এবং কেন্দ্রীয় ওষুধ ভাণ্ডার ঘুরে দেখেন। হাসপাতালের জরাজীর্ণ পরিবেশ ও চিকিৎসাসেবার নিম্নমান দেখে তিনি সংশ্লিষ্টদের দায়িত্বে চরম অবহেলা ও গাফিলতি খুঁজে পান। রোগীদের ভোগান্তি লাঘবে অনিয়ম ও গাফিলতির সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে জানান, চিকিৎসাসেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। দেশের ১০০ শয্যাবিশিষ্ট প্রতিটি হাসপাতালকে আধুনিকায়ন করার পাশাপাশি স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%