মাদক পাচারের অভিযোগে গ্রেফতার অভিনেতা রুহুল্লাহ মেহেদী

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় ফের অন্ধকার ছায়ার হানা। রূপালি পর্দার চাকচিক্য আর খ্যাতির আড়ালে লুকিয়ে থাকা অপরাধের যোগসূত্র যেন বারংবার প্রকাশ্যে আসছে। শাহিদ কাপুরের আসন্ন সিনেমা ‘দেবা’র সুবাদে আলোচনার কেন্দ্রে থাকা উদীয়মান অভিনেতা রুহুল্লাহ মেহেদীকে ঘিরে এখন উত্তাল সিনেপাড়া। অভিনয় ও মডেলিংয়ের জগতে নিজের অবস্থান তৈরির স্বপ্ন দেখা এই তরুণ শিল্পী রবিবার মুম্বাই পুলিশের জালে ধরা পড়েছেন মাদক কারবারের অভিযোগে।
মুম্বাইয়ের মিরা রোডের কাশিমিরা এলাকায় এক বিশেষ অভিযানে পুলিশের হাতে গ্রেফতার হন রুহুল্লাহ। গত বেশ কিছুদিন ধরেই মুম্বাই পুলিশের সাইবার সেল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখার সদস্যরা সোশ্যাল মিডিয়ায় এই অভিনেতার গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছিল। তদন্তের চূড়ান্ত পর্যায়ে পুলিশি ফাঁদে পা দেন এই অভিনেতা। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৮ গ্রাম এমডি মাদক, যার বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ ৬০ হাজার টাকা।
এই ঘটনায় রুহুল্লাহ একাই নন, গ্রেফতার হয়েছেন আরও দুজন। তবে পুলিশি জেরায় উঠে এসেছে, এই মাদক কারবারের মূল হোতা স্বয়ং এই অভিনেতাই। স্ন্যাপচ্যাট ও হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অত্যন্ত কৌশলে মাদকের কারবার চালাতেন তিনি। বিষয়টি আঁচ করতে পেরে পুলিশ ভুয়ো ক্রেতা সাজিয়ে অপরাধীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং লেনদেনের ঠিক মুহূর্তে হাতেনাতে তাদের পাকড়াও করে।
বর্তমানে আদালত রুহুল্লাহ মেহেদীকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই মাদকচক্রের জাল কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে আর কোন কোন প্রভাবশালী ব্যক্তি বা তারকা জড়িত থাকতে পারেন, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। বিনোদন জগতের চাকচিক্যের অন্তরালে ঘটে যাওয়া এই ঘটনায় স্তব্ধ অনুরাগীরা।
